ইশ্বর পরে বুঝলেও চলবে। প্রথমে অন্ধবিশ্বাস বুঝুন। এই অন্ধবিশ্বাস কথাটির অর্থ হলো -
- যাচাই না করে বিশ্বাস করা।
আপনি যতগুলো বৈজ্ঞানিক তথ্য জানেন, সেগুলোর মধ্যে মাত্র ৫% তথ্যও নিজে পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই করার সৌভাগ্য হয়নি।
- আপনি বিজ্ঞান বইয়ের কথাগুলো যাচাই না করে বিশ্বাস করেছেন।
এছাড়া, অন্যান্য যত সামাজিক, ভৌগলিক, ঐতিহাসিক তথ্য জানেন। সেগুলো মধ্যে কতগুলো তথ্য যাচাই করার ইচ্ছা হয়েছে? সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। মাউন্ট এভারেস্ট এর উচ্চতা ৮৮৮৪ মিটার। সমুদ্রের সবচেয়ে গভীর স্থান "মারিয়ানা ট্রেন্স" ১১ কিলোমিটার গভীর।
- এসব তথ্যটা কি যাচাই করেছেন, নাকি বইয়ে লেখা বিশ্বাস করেছেন?
আপনি যত ইতিহাস জানেন, সেগুলো কোথায় শিখেছেন? তাজমহল বানানো হয়েছিলো ১৬৫৩ সালে। পলাশী যুদ্ধ হয়েছিলো ১৭৫৭ সালে। টাইটানিক জাহাজ ডুবেছিলো ১৯১২ সালে। রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
- এসব তথ্য কি যাচাই করেছেন, নাকি বইয়ের লেখা বিশ্বাস করেছেন?
এবার বর্তমান দেখুন। প্রতিদিন আপনি টেলিভিশনে সংবাদ দেখেন, সংবাদপত্র পড়েন। সেই খবরগুলো কি আপনার চোখে দেখা, কানে শোনা, নাকি অন্যের কথা বিশ্বাস করা?
আপনি 600 ml এর পানির বোতল কেনেন। 330 ml এর কোকাকোলা কেনেন। 100 ml এর অষুধ কেনেন। এগুলো মধ্যে সঠিক পরিমানে আছে কিনা, সেটা কোনদিন যাচাই করেছেন, নাকি বিশ্বাস করেছেন?
- জানি, আপনি বলবেন - যাচাই করার জন্য সরকারি ও বেসরকারি সংস্থা আছে, লোকজন আছে। তারা যাচাই করবে। আমি যাচাই করবো কেন?
হ্যাঁ, আমিও সেই একই কথা বলছি। অন্যরা যাচাই করে। আর আপনি সেই যাচাই করা লোকগুলোকে বিশ্বাস করেন। অমুক বড় সংস্থা সার্টিফিকেট দিয়েছে, তাহলে ঠিক আছে। অন্ধ বিশ্বাস।
Quora তে প্রত্যেকটি লেখার নিচে, বাম পাশে দেখা যায়, সেই লেখাটা কতবার পড়া হয়েছে। নিচে দেখুন, এই লেখাটি কতবার পড়া হয়েছে। ওখানে সঠিক তথ্য দেওয়া আছে কিনা, সেটা কোনদিন যাচাই করেছেন, নাকি Quora কে বিশ্বাস করেছেন?
এবার সিনেমার গল্প। সিনেমাতে দেখা যায়, ছেলেটি ছোটবেলায় য়রিয়ে যায়। কোন দম্পতি তাকে খুঁজে পেয়ে নিজের সন্তানের মতন যত্নে লালন পালন করে। ছেলেটি জানতেও পারে না, এরা তার আসল মা-বাবা নয়। পরে বড় হয়ে অন্য কোন ঘটনায়, ছেলেটি তার আসল মা-বাবাকে খুঁজে পায়।
এমন ধরনের ঘটনা খুব কম ঘটে। তবুও, আপনি কি কখনো চিন্তা করেছেন, যাদেরকে আপনি মা-বাবা বলেন, তারা আপনার আসল মা-বাবা কিনা। কখনো কি কোন ধরনের মেডিকেল টেস্ট করার কথা চিন্তা হয়েছে? কখনো কি কোন ধরনের তদন্ত করার ইচ্ছা হয়েছে? নাকি, আপনি খুশিমনে বিশ্বাস করে নিয়েছেন - এরাই আমার বা-বাবা।
কি বুঝলেন?
আপনার জন্ম পরিচয় থেকে শুরু করে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি শুধুমাত্র বিশ্বাস করে চলেছেন। যাচাই না করে বিশ্বাস করছেন। অন্ধবিশ্বাস করছেন।
আপনি নিজে একজন অন্ধবিশ্বাসী। অন্যকে অন্ধবিশ্বাসী বলার কোন অধিকার আপনার নেই।
ঈশ্বরের ব্যাপারে বিশ্বাস ও অবিশ্বাসের কিছু নেই। "তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো?" ; এই প্রশ্নটি কিছুটা এমন - তুমি কি ভালোবাসা বিশ্বাস করো? মনে রাখবেন, ভালোবাসার ব্যাপারে বিশ্বাস/অবিশ্বাসের কিছু নেই। ভালোবাসা হলো উপলব্ধির বিষয়। ভালোবাসা হলো স্বীকার করার বিষয়।
ঠিক তেমনই - ঈশ্বরকে চিনতে হবে, উপলব্ধি করতে হবে, স্বীকার করতে হবে।

Comments
Post a Comment